আমাদের এই মাতৃসমা শিক্ষা প্রতিষ্ঠান কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠের মহান প্রতিষ্ঠাতা ড: রাধারমণ দাস মহাশয় যিনি এতদ অঞ্চলে ডাক্তারবাবু নামে প্রসিদ্ধি লাভ করেন । এই বিদ্যালয়ে গৃহ নির্মাণ শুরু হয় ইরেজি ১৯৪৫ সালে । পরবর্তী পর্যায়ে ১৯৫০ সালে M.E. School হিসাবে এই বিদ্যালয়ে পঠনপাঠনের কাজ শুরু হয়। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড: রাধারমণ দাস ১৯৭৯ সালে সেপ্টেম্বর মাসে (২৪ শে ভাদ্র , ১৩৮৬ সালে ) অকালে পরলোক গমন করেন। তার মৃত্যুর পর উনার জন্ম দিনটাকে অর্থাৎ ৮ ই ডিসেম্বর স্মরনীয় করে রাখার জন্য প্রতিবছর ঐ দিনটি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই বিদ্যালয় আগামী ৮ ই ডিসেম্বর ২০২৪ এ ৭৫ বছরে পদার্পন করতে চলেছে ।
স্কুল ফাইনাল পরীক্ষা নিজস্ব অনুমতি না থাকায় ১৯৫২ সালে কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যালয়ের মাধ্যমে প্রথম ব্যাচ হিসেবে মাত্র ২ জন পরীক্ষা দেয়। ১৯৫৪-১৯৫৫ সাল অবধি ময়না পরমানন্দপুর হাইস্কুল থেকে স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা করা হয়। ১৯৫৬ সালে এই বিদ্যালয় স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার অনুমতি পায় । ১৯৬৩ সালে শ্রীমান বিমল কুমার পড়্যা স্কুল ফাইনাল পরীক্ষায় যুগ্ম ভাবে রাজ্যের নবম স্থান অধিকার করার মাধ্যমে এই বিদ্যালয়ের সুনাম সারা রাজ্যে বিস্তার লাভ করে । ১৯৫৯ সালে কো এডুকেশন স্কুল হিসেবে মান্যতা লাভ করায় ছাত্র- ছাত্রীরা স্কুল ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ লাভ করে।
১৯৬২ সালে Humanities Stream এ একাদশ শ্রেণীতে উন্নীত হয় । ১৯৬৩ সালে Science Stream এর এবং ১৯৬৭ সালে Commerce Stream এর অনুমোদন লাভ করে । ১৯৬৫ সালে বহুদূর থেকে আগত ছাত্রদের পঠনপাঠনের সুযোগ করে দেওয়ার জন্য ড: রাধারমণ দাস সমকালীন প্রধান শিক্ষক সুবোধচন্দ্র মাইতি মহাশয়ের প্রচেষ্টায় বৃহত্তর ছাত্রাবাস নির্মিত হয় ।
মাননীয় প্রধান শিক্ষক সুবোধচন্দ্র মাইতি মহাশয় দীর্ঘ ৩৯ বছরের কর্মযোগী এবং কান্ডারি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার পরে মাননীয় বিকাশ চন্দ্র মাইতি মহাশয় স্বল্পকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
২০০২ সালে মাননীয় শ্রীযুত মধুসূদন দাস মহাশয় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পরে, তাঁর ঐকান্তিক নিরলস প্রয়াসের মাধ্যমে এই বিদ্যালয়ের মান বহুগুন বৃদ্ধি হয়। তৎকালীন সকল পরিচালন কমিটির সদস্যগণ , শিক্ষক-শিক্ষিকা , শিক্ষাকর্মী এবং ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক সম্মিলিত প্রচেষ্টার ফল স্বরূপ এই বিদ্যালয় অনেক মুকুটে সুশোভিত হয় । যেমন ২০১৪ সালে “নির্মল বিদ্যালয় পুরস্কার” ২০১৬ সালে “শিশু মিত্র পুরস্কার” ২০১৭ সালে “Best Performing School” হিসেবে পুরস্কৃত হয় ।
এই বিদ্যালয়ে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও বিষয়ভিত্তিক মেধা অন্বেষণের উদ্দেশ্যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগী ও প্রতিযোগিনীদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবছর ব্লক ও জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও সম্মানজনক পুরস্কার প্রাপক হিসাবে নির্বাচিত হয়। রাজ্যস্তরের ক্রীড়াপ্রতিযোগিতা তে বিগত বছরগুলিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নামের তালিকা হল (১) দিপালী মাইতি (২) দেবী গিরি (৩) মৌমিতা দাস (৪) পত্রলেখা দাস (৫) স্বাগতা দাস (৬) রচয়িতা শীট (৭) পল্লবী শী।
নৃত্য-গীত, কবিতা-প্রবন্ধ, চিত্রাঙ্কন, কুইজ ও নাটক প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীরা ব্লক ও জেলার বিভিন্ন সংস্থা দ্বারা আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে অনেক সম্মানজনক পুরস্কার প্রাপক হিসাবে নির্বাচিত হয়।